মুন্না ইসলাম পুঠিয়া (রাজশাহী)- রাজশাহীর পুঠিয়ায় অপহরণের এক মাস পার হলেও নিখোঁজ স্কুলছাত্রী সামিহা খাতুনকে উদ্ধার করতে পারেনি পুলিশ। সন্তানকে ফিরে পাওয়ার দাবিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন সামিহার পরিবার, স্বজন ও এলাকাবাসী।
পুঠিয়া বাজার এলাকার মিজানুর রহমানের মেয়ে গত ২৭ অক্টোবর প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই বাড়ির পাশ থেকে একটি সাদা প্রাইভেটকারে ৭-১০ জনের একটি দল সামিহাকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর থেকে অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনার পরদিনই সামিহার বাবা মিজানুর রহমান পুঠিয়া থানায় অপহরণ মামলা দায়ের করেন।
মানববন্ধনে সামিহার বাবা অভিযোগ করেন, “এক মাস ধরে বিভিন্ন দপ্তরে ঘুরছি। এখনো মেয়েকে উদ্ধার করা যায়নি। এমনকি আমাকে অপহরণকারীদের সঙ্গে আপস করার কথাও বলা হয়েছে।”
সামিহার শিক্ষক নাজমুল হক মুক্তা বলেন, “এভাবে একজন শিক্ষার্থীর গুম হয়ে যাওয়া এবং দীর্ঘদিনেও উদ্ধার না হওয়া দুঃখজনক। প্রশাসনের ভূমিকা সন্তোষজনক নয়। দ্রুত সামিহাকে উদ্ধার করে পরিবারকে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।”
মানববন্ধনে অন্যান্য বক্তারাও প্রশাসনের প্রতি অসন্তোষ জানিয়ে দ্রুত উদ্ধার অভিযান জোরদারের আহ্বান জানান।
এ বিষয়ে পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, “মেয়েটিকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা আশা করছি দ্রুত উদ্ধার সম্ভব হবে।”
তিনি আরও জানান, মামলায় ছয়জনকে আসামি করা হয়েছে—তাদের মধ্যে পাঁচজন জামিনে এবং একজন পলাতক রয়েছে।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com