নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে পুলিশ। কাটাখালী, পবা ও রাজপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, অ্যালকোহল ও চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এসময় চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ১৭ আগস্ট (রবিবার) রাতে কাটাখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের তত্ত্বাবধানে এসআই মো: নাদিম উদ্দীন ও তার টিম বটতলা মোড়ে বিশেষ চেকপোস্ট বসান। এসময় সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী নাজিম মামুন ওরফে আরহাম (২৮) ও নিশান গাইন (৩১)-কে আটক করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ৩শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
অন্যদিকে পবা থানা পুলিশের এসআই এস এম আসিব নাসিব সন্ধ্যা সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম পুঠিয়াপাড়ার একটি হোমিওপ্যাথিক দোকানে অভিযান চালান। এসময় মো: আ: মান্নান (৩৭)-কে গ্রেপ্তার করে তার কাছ থেকে ১৪৪ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়।
এছাড়া রাজপাড়া থানা পুলিশের এসআই মো: আবু শাহাদতের নেতৃত্বে সেনাবাহিনীর সহায়তায় আইডি বাগানপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মোসা: বুলবুলি (৫৪)-কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৭৬ লিটার চোলাই মদ ও মাদক বিক্রির নগদ ৭ লাখ ২৯ হাজার ৯৯২ টাকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com