রাত তখন দেড়টা। জয়পুরহাটের পাঁচবিবির পশ্চিম মানিক গ্রাম গভীর ঘুমে। ঠিক সেই সময় একটি বাড়ির সামনে হাজির স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫)-এর অভিযানিক দল। ভেতরে ছিলেন মাদক ব্যবসায়ী মোঃ মিলন হোসেন (৩৫)। এসআরবির ভাষ্য, দলের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি।
এসআরবি-৫-এর সিপিসি-৩, জয়পুরহাট সূত্রে জানা যায়, ১ নভেম্বর রাত ১২টা ১৫ মিনিটে গোপন সংবাদ আসে। খবরে বলা হয়, পাঁচবিবি থানার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম মানিক গ্রামের কয়েকজন মাদক কারবারি সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদক এনে বিক্রির জন্য নিজেদের বসতবাড়িতে মজুত করে রেখেছেন। এই খবরের ভিত্তিতেই রাত ১টা ৩০ মিনিটে অভিযানে নামে এসআরবির দলটি।
গ্রেফতারের পর মিলনের দেহ তল্লাশি করা হয়। তাঁর পরনের লুঙ্গির ডান কোঁচ থেকে মেলে ৬০ পিস ইয়াবা। এরপর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী বসতঘরের কাঠের আলমারির ড্রয়ার থেকে উদ্ধার করা হয় ৯০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, মাদক কারবারে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন এবং নগদ ৪২ হাজার ২২৫ টাকা। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক এসব আলামত জব্দ করা হয়।
এসআরবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন হোসেন স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে সহযোগীদের সঙ্গে মিলে অবৈধভাবে মাদক সংগ্রহ, মজুত এবং নিজ এলাকায় বিক্রির সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে জয়পুরহাটের পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
এসআরবি জানিয়েছে, তারা সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক ও অবৈধ অস্ত্রসহ আইনশৃঙ্খলা বিনষ্টকারী অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম — সকালের বুলেটিন
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com