নিজস্ব প্রতিবেদক: ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা মনিরুজ্জামান শান্তর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্বেচ্ছাসেবক দলের রাজশাহী মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, মনিরুজ্জামান শান্তর আত্মীয়-স্বজন এবং স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন।
মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ। বক্তারা দাবি করেন, মনিরুজ্জামান শান্ত একজন সুনামের ব্যক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।
তবে মানববন্ধন চলাকালে মামলা দায়েরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রীকে নিয়ে কিছু আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সচেতন মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, মনিরুজ্জামান শান্ত নগরের বোয়ালিয়া (পশ্চিম) থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তার বাড়ি বোয়ালিয়া থানার বড়কুঠি এলাকায়। তিনি ও তার ভাই সেখানে একটি মোটরসাইকেল গ্যারেজ পরিচালনা করেন।
রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৩ বছর বয়সী এক শিক্ষার্থীর অভিযোগ, মোটরসাইকেল পার্কিংয়ের টিকিট নিতে অস্বীকৃতি জানালে গত শনিবার সন্ধ্যায় মনিরুজ্জামান শান্ত প্রকাশ্যে তাকে ধর্ষণের হুমকি দেন।
এ ঘটনায় পরদিন রোববার সকালে ভুক্তভোগী ছাত্রী থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে শান্ত ও তার ভাই শুভকে আসামি করা হয়।
এদিকে, ঘটনার পর থেকে এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশের দাবি, অভিযুক্তদের খুঁজে পাওয়া যাচ্ছে না।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com