মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী: রাজশাহীর কাঁদিরগঞ্জ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে ভয়ংকর গোপন আস্তানার সন্ধান মিলেছে। ‘ডক্টরস ইংলিশ’ নামের একটি কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার সকাল থেকে ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল প্রতিষ্ঠানটি ঘিরে ফেলে অভিযান চালায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোচিং সেন্টারটি পরিচালনা করেন সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের আপন চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ্য। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। উল্লেখযোগ্য বিষয় হলো, অনিন্দ্য এর আগেও জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছিলেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায়ও তার নাম উঠে এসেছিল।
আজকের অভিযানে প্রতিষ্ঠান থেকে যে সব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে তার মধ্যে রয়েছে— বিদেশি এয়ার গান: ২টি, রিভলভার: ১টি (সঠিক কার্টিজসহ), এয়ারগান শিশা: ৩ বক্স, ম্যাগনেট: ১টি, দেশীয় অস্ত্র: ৬টি, ট্রাজারগান: ১টি, জিপিএস: ১টি, ওয়াকিটকি: ৪টি, বাইনোকুলার: ১টি, সিমকার্ড: ১০টি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম , জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট মনিটর: ৬টি, কম্পিউটার: ৩টি, স্ক্যানার: ৩টি ও মদের বোতল: ৩৫টি।
এ ঘটনায় ফয়সাল নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। তবে অভিযানের বিষয়ে এখনো সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, “সেনাবাহিনীর অভিযানের বিষয়ে আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। তবে তারা আমাদের কাছে হস্তান্তর করলে বিস্তারিত জানানো যাবে।”
ঘটনাটি রাজশাহী নগরীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে এ ধরনের বিপুল পরিমাণ অস্ত্র-সরঞ্জাম মজুত রাখার ঘটনা নগরবাসীর মধ্যে আতঙ্ক তৈরি করেছে।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com