শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পরীক্ষার সময়ে যেন লোডশেডিং না হয়, সে জন্য বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হবে। প্রয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও এ বিষয়ে চিঠি দেওয়া হবে।
শনিবার (১১ এপ্রিল) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে রাজশাহী অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে হবে। “পরে যেন কেউ বলতে না পারে, এসএসসি পরীক্ষার সময় বিদ্যুৎ ছিল না, তাই ক্যামেরা চালু ছিল না। যারা এমন কথা বলবেন, আমি মনে মনে ভাববো—‘ডাল মে কুচ কালা হে’। এরপরই আমার তদন্ত শুরু হবে।”
তিনি আরও বলেন, আইপিএস দিয়ে যেমন একটি ফ্যান চালানো সম্ভব, তেমনি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা চালাতে খুব কম বিদ্যুৎ প্রয়োজন—এটা সংশ্লিষ্ট সবাই জানেন।
তিনি সতর্ক করে বলেন, “টেকনিক্যাল কারণ দেখিয়ে দায় এড়ানোর সুযোগ নেই। কেউ যদি অযৌক্তিক কারণ দেখান, তাহলে বুঝবো সেখানে অনিয়ম হয়েছে এবং সেই দিকেই তদন্ত জোরদার করা হবে।”
মন্ত্রী আরও বলেন, পরীক্ষার ভিডিও ও সংশ্লিষ্ট সব নথি সংরক্ষণ করতে হবে, যেন প্রয়োজনে যেকোনো সময় তা তদন্তে ব্যবহার করা যায় এবং কোনো দলিল তামাদি না হয়।



















