নিজস্ব প্রতিবেদকঃ প্রতি বছর ২৬ জুন পালিত হয় আন্তর্জাতিক মাদকবিরোধী ও অবৈধ পাচারবিরোধী দিবস। জাতিসংঘের উদ্যোগে ১৯৮৭ সাল থেকে শুরু হওয়া এই দিবসটির এ বছরের প্রতিপাদ্য হলো — মাদকের বিরুদ্ধে সচেতনতা ও প্রজন্মের সুরক্ষা। সেই আহ্বানে সাড়া দিয়ে রাজশাহীর রাজপথে নামল বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ।
শুক্রবার বিকেলে নগরীর আলুপট্টি এলাকা থেকে র্যালিটির যাত্রা শুরু হয়। হাতে ব্যানার, ফেস্টুন আর মাদকবিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে রাজশাহীর সড়কগুলো। নগরীর প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি এসে থামে ঐতিহাসিক কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সেখানেই পরে বসে সমাবেশ।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ রাজশাহী মহানগরের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম। এছাড়া বক্তব্য দেন মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে আবু মোহাম্মদ সেলিম বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে মাদক নির্মূলে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, মাদক শুধু একটি মানুষকে নষ্ট করে না — একটি পরিবারকে, একটি সমাজকে ধ্বংস করে দেয়। তাই সমাজের সর্বস্তরের মানুষকে এই সংকটের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে মাদকের বিস্তার আরও বেড়েছে। তিনি প্রশ্ন তোলেন — রাষ্ট্র কি সত্যিই মাদকের বিরুদ্ধে লড়তে চায়, নাকি শুধু দিবস পালনেই সীমাবদ্ধ?
মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলও একই সুরে মাদক নিয়ন্ত্রণে সরকারের কার্যকারিতা নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, শুধু অভিযান নয়, মাদকের মূল উৎস বন্ধ করতে হবে। সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার সংসদে এক নেতার মদ-সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করে বলেন, যারা মাদকের পক্ষে কথা বলেন, তাদের রাজনীতি করার নৈতিক অধিকার নেই।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর এবং যুব বিভাগসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। সমাবেশ শেষে বক্তারা সকলে একত্রে মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার শপথ নেন এবং সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।



















