
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কাটাখালী থানার এমাদপুর গ্রামে পৃথক দুটি অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গাঁজা বিক্রির ৩ হাজার ২১০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন আবুল কালাম আজাদ (৪৪) এবং মো. মানিক ইসলাম (৪৪)। মানিক এমাদপুর গ্রামের মো. শুকুর আলীর ছেলে। তাঁর পূর্ব ঠিকানা সাবেক চরখিদিরপুর মধ্যচর গ্রাম।
প্রথম অভিযান
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএমের নির্দেশে গত ২১ অক্টোবর রাত পৌনে ১১টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম কাটাখালী থানা পুলিশের সহযোগিতায় এমাদপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। জব্দ তালিকা অনুযায়ী তাঁর কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ৩ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মানিক ইসলাম কৌশলে পালিয়ে যান।

দ্বিতীয় অভিযান
গ্রেপ্তার আবুল কালামকে কাটাখালী থানা পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। এতে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কমিশনারের নির্দেশে ২২ অক্টোবর রাত আনুমানিক দেড়টার দিকে কাটাখালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মানিকের বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে মানিক গ্রেপ্তার হন।
বাড়ি তল্লাশির সময় টাইলসের নিচে বিশেষ কৌশলে ড্রাম দিয়ে তৈরি একটি গোডাউনের সন্ধান পায় পুলিশ। গোডাউনের ভেতরে একটি ব্যাগে লুকিয়ে রাখা ছিল ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। এ ছাড়া মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা এবং মাদক বিক্রিতে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুরোনো মামলা
প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, মানিক দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের কারবার চালিয়ে আসছিলেন। তাঁর বিরুদ্ধে বর্তমানে মোট ৮টি মামলা চলমান। এর মধ্যে মাদক মামলা ৪টি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় ১টি এবং রাজশাহীর বাঘা, বোয়ালিয়া ও মতিহার থানায় ১টি করে। এ ছাড়া কাটাখালী থানায় ২টি ও মতিহার থানায় ১টিসহ ৩টি পেনাল কোডের মামলা এবং মতিহার থানায় ১টি অস্ত্র আইনের মামলা রয়েছে। আবুল কালাম আজাদের বিরুদ্ধেও বিভিন্ন থানায় ৮টি মাদক মামলা আছে।
আইনি প্রক্রিয়া
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com