নিজস্ব প্রতিবেদকঃ মঙ্গলবার দুপুর তখন ১২টা ৪০ মিনিট। রাজশাহীর চর মাজারদিয়া থেকে ঝাউগাছ বোঝাই করে ৮ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা রওনা দিয়েছিল লালন শাহ মুক্তমঞ্চের দিকে। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই পদ্মার মাঝনদীতে বাধে বিপত্তি—অতিরিক্ত ঢেউয়ের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তেই তলিয়ে যায় নৌকাটি।
দুর্ঘটনা দেখেই পদ্মা গার্ডেন এলাকায় থাকা অন্য মাঝি ও স্থানীয়রা ছুটে আসেন নদীর দিকে। তাদের তৎপরতায় দ্রুত উদ্ধার করা হয় ৬ যাত্রীকে। তবে শ্যামপুর বালুরঘাট এলাকার কাটাখালী থানার বাসিন্দা মো. আফছার আলী ও তার ছেলে মো. জিয়ারুল হক প্রবল স্রোতে তলিয়ে যান, যাদের এখনো খোঁজ মেলেনি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। তারা পদ্মার বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালালেও এখনো নিখোঁজ বাবা-ছেলে কিংবা ডুবে যাওয়া নৌকার সন্ধান পাওয়া যায়নি।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মঞ্জিল হক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং নিখোঁজ দুজনকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।
নদীর পাড়ে এখন উৎকণ্ঠার প্রহর গুনছেন স্বজনরা। উদ্ধার অভিযানের সর্বশেষ তথ্য নিয়ে আমরা আপনাদের জানাব।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com