নিজস্ব প্রতিবেদকঃ শহরের বুকে যখন একটু একটু করে কমে আসছে গাছের সংখ্যা, ঠিক তখনই ব্যতিক্রমী এক উদ্যোগ নিলেন তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাইফ রহমান। রোববার বিকেলে মাত্র এক ঘণ্টায় রাজশাহীর কাশিয়াডাঙ্গায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) প্রান্তিক আবাসিক এলাকায় লাগানো হলো ৬০০টি গাছের চারা।
গত ৬ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় শুরু হওয়া এই কর্মসূচিতে আবাসিক এলাকার বিভিন্ন স্থানে নানা প্রজাতির চারা রোপণ করা হয়। এতে অংশ নেন আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর বড় ছেলে সাইফ রহমান পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও পরিবেশ ও সবুজায়ন নিয়ে তাঁর আগ্রহ দীর্ঘদিনের। এই কর্মসূচিতে স্থানীয় তরুণদেরও সম্পৃক্ত করা হয়েছে।
সাইফ রহমান বলেন, "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা রাজশাহী অঞ্চলকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে চাই। দেশ ও মানুষের স্বার্থে আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগর গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা জরুরি।"
নগর পরিকল্পনা নিয়েও সরব ছিলেন তিনি। সাইফ বলেন, "পরিকল্পিত আবাসিক এলাকার উন্নয়ন শুধু ভবন, সড়ক কিংবা অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। এর সঙ্গে পর্যাপ্ত সবুজায়ন ও পরিবেশবান্ধব পরিবেশ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। অপরিকল্পিত নগরায়নের কারণে দিন দিন আমাদের সবুজের পরিমাণ কমে যাচ্ছে। তাই আবাসিক এলাকা, সড়কের পাশ, খেলার মাঠ ও নগরের বিভিন্ন উন্মুক্ত স্থানে বেশি করে গাছ লাগাতে হবে। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে নগরবাসীর জন্য তৈরি হবে নির্মল ও স্বস্তিদায়ক পরিবেশ।"
ভবিষ্যতের রাজশাহী নিয়ে স্বপ্নের কথাও জানালেন সাইফ। তিনি বলেন, "আমরা এমন একটি রাজশাহী গড়ে তুলতে চাই, যেখানে উন্নয়নের পাশাপাশি প্রকৃতিরও জায়গা থাকবে। শুধু ইট-পাথরের নগর নয় — গাছপালা, খোলা জায়গা ও নির্মল বাতাসে সমৃদ্ধ একটি সবুজ নগরই হবে আমাদের লক্ষ্য। নতুন প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য রাজশাহী রেখে যেতে হলে আজ থেকেই আমাদের সবাইকে দায়িত্বশীলভাবে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।"
কর্মসূচিতে সাইফ রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন শামীম, লাল্টু, বাঁধন, আনারুল, মোহন, সুইট ও রাতুল।
এ ছাড়া যুবদলের সারওয়ার জাহান শিবলী, মাহফুজ আলী মানিক, আতিকুল ইসলাম জনি, মোস্তাফিজুর রহমান সুমন, আ.স.ম. আশরাফুল হুদা সিয়াম, এরশাদ, সোহাগ ও আব্দুস সাত্তার রানাসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন।
আয়োজকরা জানিয়েছেন, নগরের বিভিন্ন এলাকায় সবুজায়ন বাড়ানো এবং পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
তাহলে প্রশ্ন থাকছে — ইট-পাথরের এই শহরে কি সত্যিই ফিরবে হারানো সবুজ? সেই গল্প জানতে চোখ রাখুন সকালের বুলেটিনে।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com