নিজস্ব প্রতিবেদকঃ দপ্তর সংস্থাগুলোর পারস্পরিক সমন্বয় জোরদার করে রাজশাহী মহানগরীকে একটি আধুনিক, বাসযোগ্য ও নিরাপদ নগরীতে রূপান্তরের লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগর ব্যবস্থাপনায় দীর্ঘদিনের জটিলতা নিরসন, নাগরিক সেবা সহজীকরণ এবং টেকসই উন্নয়নের রূপরেখা নির্ধারণে এই সভাকে ‘গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় মহানগরীর বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা অংশগ্রহণ করে রাজশাহীকে ‘স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির নগরী’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভা শুরুর আগে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন রাসিক প্রশাসক। পরে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়, যা সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার প্রতীক হিসেবে বিবেচিত হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রশাসক রিটন বলেন, নগর উন্নয়নের এই যাত্রা এককভাবে সম্ভব নয়—এটি একটি সম্মিলিত অভিযাত্রা। নগরবাসীর প্রত্যাশা পূরণে আমরা একটি কার্যকর, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন, রাজশাহীকে শুধু পরিচ্ছন্ন শহর নয়, বরং একটি ‘লাইভেবল সিটি’ হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য।
সভায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মোঃ জিললুর রহমান বলেন, নিরাপদ নগর গঠনে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। একটি পূর্ণাঙ্গ সিসিটিভি নেটওয়ার্ক গড়ে তোলা গেলে অপরাধ নিয়ন্ত্রণে যুগান্তকারী পরিবর্তন আসবে। তিনি মাদক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) চেয়ারম্যান এস.এম তুহিনুর আলম বলেন, পরিকল্পিত নগরায়নের মাধ্যমে রাজশাহীকে একটি মডেল সিটিতে রূপান্তর করা সম্ভব। পদ্মা নদীকে কেন্দ্র করে আধুনিক অবকাঠামো ও আবাসন প্রকল্প বাস্তবায়ন করা হলে নগরীর অর্থনৈতিক সম্ভাবনা বহুগুণে বৃদ্ধি পাবে।
সভায় স্বাস্থ্যসেবা খাতের প্রতিনিধিরাও নগর স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন ও জনবল বৃদ্ধি জরুরি।
মতবিনিময় সভায় উঠে আসে নগরীর দীর্ঘদিনের কিছু জটিল সমস্যা—অবৈধ দখল, ফুটপাত দখলমুক্তকরণ, অনিয়ন্ত্রিত পার্কিং, যানজট, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, বৈদ্যুতিক ক্যাবল ও অবকাঠামো চুরি প্রতিরোধ ইত্যাদি। এসব সমস্যার টেকসই সমাধানে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া নওদাপাড়ায় বাস টার্মিনাল স্থানান্তর, শিরোইল এলাকায় পার্কিং নিয়ন্ত্রণ, আরডিএ মার্কেট আধুনিকায়ন এবং প্রতিটি ওয়ার্ডে স্থায়ী কার্যালয়ের জন্য জমি বরাদ্দের বিষয়েও আলোচনা হয়।
সভায় পাওয়ারপয়েন্ট উপস্থাপনায় নগর উন্নয়নের সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, যা উপস্থিতদের মাঝে একটি সুস্পষ্ট ধারণা তৈরি করে।
সঞ্চালনায় ছিলেন রাসিক সচিব সোহেল রানা। এসময় আরও বক্তব্য রাখেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ খন্দকার মোঃ ফয়সল আলম, রাজশাহী জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক বেলায়েত হোসেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের পক্ষে উপ-পরিচালক ডা. মো. হাসানুল হাছিব।
এছাড়াও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা অভিমত ব্যক্ত করেন, সমন্বিত পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে রাজশাহী খুব শিগগিরই দেশের অন্যতম মডেল নগরীতে পরিণত হবে।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com