নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত লক্ষীপুর প্যারামেডিকেল রোড। সেখানকার দশতলা ম্যাংগো টাওয়ারের তৃতীয় তলার একটি তিন কক্ষের ফ্ল্যাট — বাইরে থেকে দেখলে যেন কোনো সাধারণ পারিবারিক আবাস। কিন্তু সেই ফ্ল্যাটের ভেতরেই লুকানো ছিল বিপুল পরিমাণ মাদক।
দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা থেকে অভিযানে নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, 'ক' সার্কেল, রাজশাহী। উপপরিচালক মোঃ মেহেদী হাসানের তত্ত্বাবধানে, পরিদর্শক এ.এস.এম মঈনউদ্দীন কবিরের নির্দেশনায় এবং উপ-পরিদর্শক আল আমিন হোসেনের নেতৃত্বে চালানো এই অভিযানে ওই ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয় স্বামী-স্ত্রী দুইজনকে।
গ্রেফতার হওয়া দুইজন হলেন — মোসাঃ জান্নাতুল ফেরদৌসী রত্না (২৯) এবং তাঁর স্বামী মোঃ আসাদুজ্জামান (৩৮)। তাঁদের কাছ থেকে জব্দ করা হয় একটি নীল পলি প্যাকেটে ১০০ পিস এবং একটি তিস্যু ব্যাগের ভেতরে ১০টি প্যাকেটে ২০০০ পিস — সব মিলিয়ে মোট ২১০০ পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ২১০ গ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই দম্পতি দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে জেলার নানা প্রান্তে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
তদন্তকারীরা বলছেন, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের সঙ্গে জড়িত আরও অনেকের নাম উঠে আসতে পারে। প্রশ্ন এখন একটাই — এই দম্পতির নেটওয়ার্কে আরও কারা জড়িত, আর কতদূর বিস্তৃত এই চক্র?
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com