নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলায় ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (১০ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার খাড়ইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কে চলাচলরত একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরও দুইজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে কেশরহাট শাখার ইসলামী ব্যাংকের কর্মকর্তা মারুফ হোসেনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অন্য নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে আতানারানপুর গ্রামের মাহিন্দ্রাচালক রহিম, মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মী নাসরিনসহ আরও দুইজন রয়েছেন। তাদের মধ্যে দুইজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী দুর্ঘটনায় তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আহতদের মধ্যে আরও দুইজনের মৃত্যুর দাবি করা হলেও এ তথ্যের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com