নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর লক্ষ্মীপুর মোড়ে দায়িত্ব পালন করতে গিয়ে মার খেলেন একজন সিকিউরিটি গার্ড। গলায় ধরা হলো ধারালো দেশীয় অস্ত্র। দেওয়া হলো প্রাণনাশের হুমকি। কিন্তু অভিযোগ পাওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করল রাজপাড়া থানা পুলিশ।
পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সিকিউরিটি গার্ড মোঃ সাব্বির হোসেন (২৬) গত ১৯ আগস্ট দুপুর সাড়ে বারোটার দিকে হ্যান্ডমাইকে দালাল, চোর ও প্রতারকদের বিষয়ে সেবাপ্রত্যাশীদের সতর্ক করছিলেন। এটাই কাল হলো তার জন্য।
রোগী ধরার দালাল হিসেবে পরিচিত আরিফুল ইসলাম আরিফ (৩৭) সহ কয়েকজন এসে প্রথমে মাইকে বক্তব্য বন্ধ করতে বলে। সাব্বির রাজি না হওয়ায় তাকে এলোপাতাড়ি মারধর করা হয়, শরীরের বিভিন্ন স্থানে ছিলাফোলা জখম করা হয়। এরপর আরিফুল দৌড়ে পেছন থেকে ধারালো অস্ত্র এনে সাব্বিরের গলায় ধরে হত্যার হুমকি দেয়।
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নজরে আসে। তিনি দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। রাজপাড়া থানা পুলিশ অভিযোগ পাওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে আরিফুলকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয়েছে ঘটনায় ব্যবহৃত দেশীয় অস্ত্রটিও।
আজ ২০ আগস্ট ভুক্তভোগী সাব্বির হোসেন রাজপাড়া থানায় আনুষ্ঠানিক মামলা দায়ের করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com