নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেছেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। খেলাধুলার উন্নয়ন, নতুন প্রতিভা সৃষ্টি এবং তরুণ সমাজকে ক্রীড়ামুখী করতে রাজশাহী সিটি কর্পোরেশন কাজ করে যাবে। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
রবিবার (৭ জুন) বিকেলে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের রায়পাড়া বালুর মাঠে আয়োজিত বিসমিল্লাহ এন্টারপ্রাইজ প্রেজেন্টস ১৭ নম্বর ওয়ার্ড ক্রিকেট লীগ সিজন-৯, ২০২৬-এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহফুজুর রহমান রিটন বলেন, দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। সাবেক খেলোয়াড়দের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা করা হয়েছে এবং তরুণদের খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণে উৎসাহিত করা হচ্ছে। তিনি জানান, নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ নির্মাণ এবং কয়েকটি ওয়ার্ডের জন্য সমন্বিত কবরস্থান স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ক্রিকেটে বিশ্বমঞ্চে সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করছে। ভবিষ্যতে ফুটবল বিশ্বকাপেও দেশের প্রতিনিধিত্ব দেখতে চান তিনি।
এ সময় ১৭ নম্বর ওয়ার্ড ক্রিকেট লীগ সফলভাবে আয়োজন করায় সংশ্লিষ্ট আয়োজকদের ধন্যবাদ জানান রাসিক প্রশাসক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব ও বিসমিল্লাহ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মোঃ নাসিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল করিম রঞ্জু, যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সদস্য সচিব মজিউল আহসান হিমেলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ফাইনাল খেলায় জান্নাত হাউজিং দলকে পরাজিত করে বাগানপাড়া স্ট্রাইকারস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।



















