নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের পাশ থেকে মাদক কারবারের অভিযোগে দুটি চায়ের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এর একটি সিলগালা করা হয়েছে।
৯ নভেম্বর (সোমবার) সকালে অভিযান চালিয়ে দোকান দুটি বন্ধের নির্দেশ দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আবছার সবুজ।
অভিযান শেষে দোকানিদের দুপুরের মধ্যে মালামাল সরিয়ে নিতে বলা হয়। টিনশেড ভবনের যে চায়ের দোকানে দরজা ছিল, সেটি সিলগালা করা হয়। সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের দেয়াল ঘেঁষে থাকা দরজাবিহীন আরেকটি চায়ের দোকানও বন্ধ করা হয়।
তবে ওই টিনশেড ভবনের আরও দুটি দোকানের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ থাকলেও সেগুলো আপাতত বন্ধ করা হয়নি।
এর আগে রোববার ডিসি কার্যালয় থেকে মাত্র ২০০ গজের মধ্যে মাদক কারবারের আস্তানা গড়ে ওঠার খবর প্রকাশিত হয়। সেখানে বলা হয়, টিনশেড ভবনের একটি চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা, ট্যাপেন্টাডল ও ফেনসিডিল বিক্রি হচ্ছিল। দোকানের মালিক জাকির হোসেন (৩৭) গত ১ নভেম্বর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) হাতে ৯০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার হন। এর আগেও একবার মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি। জাকির কারাগারে থাকলেও দোকানটি খোলা ছিল। কর্মচারী ও জাকিরের ভাতিজা সেটি চালাচ্ছিলেন।
সংবাদে আরও উঠে আসে, কার্যালয়ের আশপাশে নিয়মিত মাদক সেবন চলে এবং ড্রেনে ফেনসিডিলের অসংখ্য খালি বোতল পড়ে থাকে। স্থানীয়রা অভিযোগ করেছিলেন, ডিসি কার্যালয়ের এত কাছে হওয়ায় নিয়মিত অভিযান হয় না। সংবাদ প্রকাশের পরদিনই জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম দোকান দুটি বন্ধের নির্দেশ দেন।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আবছার সবুজ বলেন, এখানে মাদকের আসর বসে। কেউ কেউ হয়তো মাদক সেবন করেছে। আমরা অভিযানে গিয়ে সরাসরি মাদক পাইনি। তারপরও দোকান দুটি বন্ধ করে দিয়েছি।
একই ভবনের বাকি দুটি দোকান কেন বন্ধ হলো না, জানতে চাইলে তিনি বলেন, আশা করছি, সেখানে এ ধরনের পরিস্থিতি তৈরি হবে না। যদি হয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, এখানে শুধু আমার অফিস নয়, এসপি অফিসও কত কাছে! এখানেই যদি মাদকের কারবার করতে পারে, তাহলে আর কী বলব! এখন যেহেতু প্রশ্ন উঠেছে, ওটা ভেঙে দেওয়া হলো। এখন আমরা এ ব্যাপারে জিরো টলারেন্সে আছি।



















