চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত ডিএনসির একটি চৌকস টহল দল শিবগঞ্জ থানাধীন নয়ালাভাঙ্গা গ্রামের একটি এলাকায় অভিযান পরিচালনা করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব সোর্সের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অভিযানে মো. সুহেল রানা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি নয়ালাভাঙ্গা ইউনিয়নের নয়ালাভাঙ্গা গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে।
এ সময় গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ২,০২,১১০ (দুই লাখ দুই হাজার একশত দশ) টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।



















