নিজস্ব প্রতিবেদকঃ শিশুদের প্রাণঘাতী হাম-রুবেলা রোগ থেকে সুরক্ষায় রাজশাহী মহানগরীতে শুরু হয়েছে বড় পরিসরের টিকাদান কর্মসূচি। সোমবার (২০ এপ্রিল) সকাল থেকেই নগরজুড়ে একযোগে ৪৩৮টি কেন্দ্রে এই ক্যাম্পেইন চালু হয়, যার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলমান এই কর্মসূচির আওতায় মহানগরীর ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কমিউনিটি পর্যায়ে ৪৫ হাজার ৬২৩ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ৮ হাজার ৫২১ জন শিশু অন্তর্ভুক্ত রয়েছে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এই ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে।
ক্যাম্পেইন বাস্তবায়নে নগরীর ২৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে ১৮০টি স্কুলভিত্তিক কেন্দ্র, ২৪০টি কমিউনিটি কেন্দ্র এবং ১৮টি স্থায়ী কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি অস্থায়ী কেন্দ্রে ২ জন টিকাদানকারী ও ৩ জন স্বেচ্ছাসেবী এবং স্থায়ী কেন্দ্রে ১ জন টিকাদানকারী ও ১ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, হাম-রুবেলা প্রতিরোধে সরকার ধারাবাহিকভাবে কার্যকর উদ্যোগ গ্রহণ করছে এবং এই টিকাদান কর্মসূচি তারই অংশ। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সময়মতো শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসা অত্যন্ত জরুরি। একটি টিকাই শিশুকে মারাত্মক রোগের ঝুঁকি থেকে রক্ষা করতে পারে। একই সঙ্গে কোনো শিশুর মধ্যে হাম বা রুবেলার উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দেন তিনি।
এদিকে, জনসচেতনতা বাড়াতে ইতোমধ্যে প্রায় ৭০ হাজার লিফলেট নগরজুড়ে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব মোঃ সোহেল রানা, জেলা সিভিল সার্জন ডা. এস.আই.এম রাজিউল করিম, উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক ড. কুস্তরী আমিনা কুইন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















