নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে এ ঘটনা ঘটে।
ওই সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। পরিস্থিতি বিবেচনায় তাঁকে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে বের করে নেওয়া হয়।
বিমানবন্দরের সূত্রে জানাযায়, সকাল ১০টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে রাজশাহীতে অবতরণ করেন মন্ত্রী। ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে তিনি রাজশাহীতে যাত্রাবিরতি করেছিলেন। এর পাঁচ মিনিট পর স্থানীয় এক ব্যক্তি বিমানবন্দরের সামনে পড়ে থাকা দুটি সন্দেহজনক বস্তুর বিষয়ে দায়িত্বরত পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে।
পরে পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে বিষয়টি জানানো হয়। নিরাপত্তার কথা বিবেচনা করে তাঁকে মূল ফটক ব্যবহার না করে পেছনের গেট দিয়ে বের করা হয়। সেখান থেকে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, বিমানবন্দর থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বস্তু দুটি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


















