নিজস্ব প্রতিবেদক: নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার এক অজ্ঞাতনামা ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর পরিচয় এখনো জানা যায়নি। লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্ডান মর্গে রাখা হয়েছে। স্বজনদের সন্ধান চেয়েছে পুলিশ।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর রবিবার রাত আনুমানিক ১০টায় শিরোইল বাসস্ট্যান্ড এলাকায় ওই ব্যক্তি দুর্ঘটনার শিকার হন। জনৈক ব্যক্তি তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালের ০৮ নং ওয়ার্ডে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২৩ নভেম্বর সোমবার বিকাল আনুমানিক ৪টায় তিনি মারা যান। মৃত্যুর পর থেকে লাশ হাসপাতালের মর্ডান মর্গে সংরক্ষিত আছে।
নিহতের নাম, ঠিকানা কিংবা স্বজনদের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানা পুলিশ লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছে। কেউ তাঁকে চিনতে পারলে বা তাঁর সম্পর্কে কোনো তথ্য থাকলে বোয়ালিয়া মডেল থানার ওসির মোবাইল নম্বরে (০১৩২০-০৬১৪৯৯), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) বা রামেক হাসপাতালের মর্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।



















