রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

নতুন রাস্তা খুঁড়ে ওয়াসার পাইপ ফাটানোর অভিযোগ, দায় এড়াতে নেসকোর নাম!

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
নভেম্বর ১৩, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর বোসপাড়া ও সাগরপাড়া এলাকার নতুন কার্পেটিং করা রাস্তা অনুমতি ছাড়াই খননের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা ডা. সুজিত ভদ্রের বিরুদ্ধে। শুক্রবার (১৩ নভেম্বর) শ্রমিক দিয়ে রাস্তা খনন করতে গিয়ে ওয়াসার পানির পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগও উঠেছে। এতে ফেটে যাওয়া পাইপ দিয়ে বিকেল থেকে রাত প্রায় ৭টা পর্যন্ত অবিরাম পানি বের হয়ে রাস্তা প্লাবিত হয়। ঘটনার পরও পাইপটি মেরামত না করায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের দুর্ভোগের পর রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে নির্মিত নতুন রাস্তাটি চালু হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ব্যক্তিগত প্রয়োজনে খনন করা হয়েছে। অথচ রাস্তার কাজ চলাকালে প্রয়োজনীয় খননকাজ করার সুযোগ ছিল। তখন তা না করে নতুন রাস্তা নির্মাণের পর খোঁড়াখুঁড়ি করায় ক্ষুব্ধ তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর ২২ ও ২৩ নম্বর ওয়ার্ডের বোসপাড়া ও সাগরপাড়া এলাকার বাসিন্দারা কয়েক বছর ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে ভোগান্তিতে ছিলেন। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে চলাচলে দুর্ভোগ সৃষ্টি হতো। এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যার কথা বিবেচনা করে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে সড়কটির উন্নয়নকাজের দরপত্র আহ্বান করা হয়। কাজটি পান ২৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু। প্রকল্পটির তদারকির দায়িত্বে ছিলেন সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী (সিভিল) মো. আসিফুল হাবিব।

সড়কটি উঁচু করে নির্মাণের পরিকল্পনা নেওয়া হলে পানি নিষ্কাশন নিয়ে আপত্তি জানান স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা ছিল, রাস্তা উঁচু করা হলে বৃষ্টির পানি ড্রেনে না গিয়ে বাড়ির বিপরীত পাশে জমে থাকবে। বিষয়টি বিবেচনায় নিয়ে সিটি করপোরেশনের প্রকৌশলীর নির্দেশনায় ড্রেনের দিকে ঢাল রেখে সড়ক নির্মাণের ব্যবস্থা করা হয়, যাতে বৃষ্টির পানি সহজেই ড্রেনে চলে যেতে পারে।

ঠিকাদার ও প্রকৌশলীর দাবি, রাস্তার স্থায়িত্ব নিশ্চিত করতে পুরোনো কার্পেটিং তুলে ইটের খোয়া দিয়ে উঁচু করার পর দীর্ঘদিন রোলার চালিয়ে মজবুত করা হয়। এরপর রাস্তা পরিষ্কার করে কার্পেটিং সম্পন্ন করা হয়। প্রায় এক সপ্তাহ আগে কাজ শেষ হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কিন্তু নতুন রাস্তার কাজ শেষ হওয়ার পরপরই আবার খনন শুরু হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, রাস্তা নির্মাণের সময় প্রয়োজনীয় কাজ না করে এখন ব্যক্তিগত স্থাপনার সংযোগের জন্য রাস্তা কাটা হয়েছে। খননের সময় ওয়াসার পানির পাইপ ফেটে গেলেও তাৎক্ষণিক মেরামতের ব্যবস্থা করা হয়নি।

 

ঠিকাদারের আপত্তি উপেক্ষা করে খনন?

সড়কটির ঠিকাদার আশরাফুল হাসান বাচ্চু জানান, রাস্তার দরপত্র অনেক আগে হলেও সিটি করপোরেশনের বাজেট-সংকটের কারণে কাজ শেষ করতে সময় লেগেছে। কাজের মান নিয়ে প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন সতর্ক করেছিলেন এবং প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছিলেন। সেই অনুযায়ী কাজ সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, কার্পেটিংয়ের দিন ডা. সুজিত ভদ্রের ভবনের কয়েকজন ব্যক্তি তাকে ওই স্থানে পিচ না দেওয়ার অনুরোধ করেন। তারা পরে জায়গাটি খনন করবেন বলে জানান। তখন তিনি আপত্তি জানিয়ে বলেন, এত দিন রাস্তার কাজ বন্ধ ছিল, সে সময় কেন খনন করা হয়নি? নতুন রাস্তা নির্মাণের পর ব্যক্তিগত প্রয়োজনে রাস্তা কাটতে হলে অবশ্যই সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে।

 

নেসকোর ওপর দায় চাপানোর চেষ্টা:

অভিযোগের বিষয়ে ডা. সুজিত ভদ্রের বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি। বাসার কেয়ারটেকার তার যোগাযোগ নম্বর দিতে রাজি হননি। তবে ভবন মালিকের ম্যানেজার বন্ধন সরকারের নম্বর দেন।

মুঠোফোনে যোগাযোগ করা হলে বন্ধন সরকার রাস্তা খননের বিষয়টি অস্বীকার করেন। এলাকাবাসীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, ওই স্থানে বিদ্যুতের খুঁটি স্থাপনের কাজ করতে গিয়ে নেসকো রাস্তা খনন করেছে। ওয়াসাকে বিষয়টি জানানো হয়েছে এবং পরদিন তাদের লোকজন এসে পাইপ মেরামত করবে।

এ সময় নেসকোর সংশ্লিষ্ট কর্মকর্তা হিসেবে আনোয়ার নামের এক ব্যক্তির মোবাইল নম্বর দেন তিনি।

তবে আনোয়ারের সঙ্গে একাধিকবার যোগাযোগের পর তিনি জানান, তিনি নেসকোর কর্মকর্তা নন; বরং একজন ঠিকাদারের অধীনে কাজ করেন। ভবন কর্তৃপক্ষের নির্দেশেই তিনি ও তার শ্রমিকেরা সেখানে খননকাজ করেছেন বলে স্বীকার করেন। তার ভাষ্য অনুযায়ী, ভবনের বর্জ্যপানি ড্রেনে নেওয়ার জন্য পাইপলাইন স্থাপনের পাশাপাশি বিদ্যুতের খুঁটি বসানোর কাজ করতে গিয়ে ওয়াসার পাইপ ফেটে যায়। মালিকপক্ষ পরদিন ওয়াসার লোক আসবে বলে জানানোয় গর্তটি তখনো ভরাট করা হয়নি।

এদিকে নেসকোর সঙ্গে যোগাযোগ করে জানা যায়, প্রতিষ্ঠানটি এ বিষয়ে অবগত নয় এবং তাদের কোনো দল ওই স্থানে কাজ করতে যায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ফলে ভবন কর্তৃপক্ষের ম্যানেজারের দেওয়া নেসকো-সংক্রান্ত বক্তব্য এবং বাস্তবে কাজ করা ব্যক্তির পরিচয়ের মধ্যে অসংগতি পাওয়া গেছে।

 

অনুমতি ছাড়া খননের কথা স্বীকার প্রকৌশলীর

সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী (সিভিল) মো. আসিফুল হাবিব বলেন, সংশ্লিষ্টরা সিটি করপোরেশনের অনুমতি ছাড়াই রাস্তা খনন করেছেন। রাস্তার কার্পেটিং শেষ হওয়ার দিনই তারা খননের কথা জানিয়েছিলেন। তখনই তিনি তাদের নিষেধ করেছিলেন।

তিনি আরও বলেন, সড়কটি দীর্ঘস্থায়ী করার জন্য পুরোনো কার্পেটিং তুলে ইটের খোয়া দিয়ে উঁচু করার পর রোলার চালিয়ে দীর্ঘদিন শক্ত করা হয়েছিল। পরে পুরো রাস্তা পরিষ্কার করে কার্পেটিং করা হয়। এরপর আবারও রাস্তা পরিষ্কার করে কাজ সম্পন্ন করা হয়। এত দিন রাস্তার কাজ না করে নতুন রাস্তা এভাবে অনুমতি ছাড়া খনন করা গুরুতর অপরাধ। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি।

নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নির্মিত একটি নতুন রাস্তা ব্যক্তিগত প্রয়োজনে অনুমতি ছাড়া খনন এবং ওয়াসার পানির পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে—নগরীর সড়ক রক্ষায় সিটি করপোরেশনের অনুমতি ও তদারকির বিধান কতটা কার্যকর? ক্ষতিগ্রস্ত পাইপ মেরামত এবং রাস্তা পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয়, এখন সেটিই দেখার বিষয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চন্দনাইশে আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

কারারক্ষীকে বদলি করায় ক্ষোপে উর্ধতন কর্মকর্তাদের হয়রানিসহ মিথ্যাচারের অভিযোগ 

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এখনো বহাল দূর্নীতিবাজ কর্মকর্তারা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিয়াজের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি  

নওগাঁয় ভূয়া পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানোর অভিযোগে আট প্রধানের বিরুদ্ধে থানায় মামলা

১৩তম ডেপুটি জেলার এবং ৬১তম কারারক্ষি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত 

আরএমপি’র পবা থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপিতে পায়ুপথে লুকানো ৫৪ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

তারেক রহমানের নির্দেশে রাজশাহী মহানগরীর যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা

রাবির আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি স্টুডেন্ট চ্যাপ্টারের কমিটি ঘোষণা 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial