কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে মেইল ট্রেনের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগের চিকিৎসক অজয় ভৌমিক জানান, আহতদের মধ্যে পাঁচজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আহত আরও ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
রেলওয়ে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় পৌঁছালে ‘মামুন পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস ক্রসিং পার হওয়ার সময় ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতা এত বেশি ছিল যে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রেনটি সেটিকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। পরে উদ্ধার অভিযান ও চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা ১২ জনে দাঁড়ায়।
দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করেন। পরে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। উদ্ধার অভিযান শেষে দুর্ঘটনাকবলিত ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।




















