মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গত ২২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সদর মডেল থানার আওতাধীন শিমুলতলা বালুচর গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা বালুচর এলাকার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে মো. নুরুল ইসলাম ওরফে বুধু মন্ডল (৬০) কে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
ডিএনসির পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদক নির্মূলে ডিএনসির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে সর্বস্তরের জনগণকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।



















