নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকার খরবোনা নদীর ধার বসতিতে এক ভ্যানচালকের বাড়িতে হামলা, লুটপাট ও অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ উঠেছে। র্যাবের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার মামলার আসামি মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সৈকত পারভেজ জামিনে মুক্তি পেয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) নগরীর অনুরাগ কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ভ্যানচালক মো. মুস্তাকিন এসব অভিযোগ তুলে ধরেন।
তিনি জানান, গত রোববার (৫ এপ্রিল ২০২৬) কারাগার থেকে জামিনে মুক্তি পান সৈকত পারভেজ। জেল থেকে বের হয়ে তিনি তার সহযোগী মো. আলীসহ প্রায় ৩৫-৪০ জনকে নিয়ে এলাকায় মহড়া দেন। মুস্তাকিনের ভাই আলামিন আগে তাদের সঙ্গে চলাফেরা করলেও বর্তমানে মিস্ত্রির কাজ করেন। তাকে পুনরায় মাদক ব্যবসায় জড়াতে চাপ দেওয়া হয়। এতে রাজি না হওয়া এবং ১০ হাজার টাকা চাঁদা দিতে অস্বীকার করায় তাদের ওপর হামলা চালানো হয়।
লিখিত বক্তব্য অনুযায়ী, রোববার সন্ধ্যায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলাকারীরা মুস্তাকিনের বাড়িতে হামলা চালায়। প্রধান ফটক ভেঙে ঢুকতে না পেরে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। এ সময় বাড়িতে থাকা একটি সুজুকি জিকসার মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় মুস্তাকিনের ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শারমীনকে লাথি ও ঘুষি মেরে আহত করা হয়। পরে আলমারি ভেঙে দেড় ভরি স্বর্ণালংকার (প্রায় ২ লাখ ১৫ হাজার টাকা), একটি ৩২ ইঞ্চি স্মার্ট টেলিভিশন এবং ৪০ জোড়া কবুতর লুট করে নিয়ে যায় হামলাকারীরা।
এছাড়া দিবাগত রাত ৩টার দিকে মুস্তাকিনের পিতার গোয়ালঘর থেকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২৬ হাজার টাকা মূল্যের দুটি ছাগল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়।
ভুক্তভোগী মুস্তাকিন দাবি করেন, হামলার সময় তিনি ৯৯৯-এ দুবার ফোন করেন। সেখান থেকে বোয়ালিয়া থানার ডিউটি অফিসারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। তিনি একাধিকবার ফোন করলেও পুলিশ ফোন রিসিভ করেনি। বোসপাড়া পুলিশ ফাঁড়ি কাছাকাছি হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় ৪০ মিনিট সময় নেয়।
আহত শারমীনকে সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মুস্তাকিন ও তার ভাই আলামিনকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে পরিবারটি জানিয়েছে।
সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।



















