নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পদ্মা নদীতে নোঙর করে রাখা পর্যটনবাহী জাহাজ ‘সোনার তরী’তে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে বুধবার (১১ নভেম্বর) জাহাজটিতে যৌথ অভিযান চালিয়েছে নৌ পুলিশ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অভিযানে জাহাজটির প্রশাসনিক ও আইনি নানা অনিয়ম ধরা পড়ে।
অভিযোগ রয়েছে, অর্থের বিনিময়ে অপ্রাপ্তবয়স্ক তরুণ-তরুণীদের অবৈধ মেলামেশার সুযোগ তৈরি করে দেওয়া হতো এই জাহাজে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই সাধারণ পর্যটনের আড়ালে এমন কর্মকাণ্ড চলছিল।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বাণিজ্যিক উদ্দেশ্যে জাহাজে বিভিন্ন প্যাকেজ চালু ছিল। বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ‘পাবলিক প্যাকেজে’ ভাড়া ৮০০ টাকা এবং ‘ফ্যামিলি প্যাকেজে’ ১ হাজার ৮০০ টাকা। সারাদিনের (সকাল ৯টা থেকে রাত ৮টা) ক্ষেত্রে ‘পাবলিক প্যাকেজ’ ১ হাজার ৮০০ টাকা এবং ‘ফ্যামিলি প্যাকেজ’ ৩ হাজার টাকা। অভিযোগ, এসব প্যাকেজের আড়ালে চুক্তিভিত্তিক অর্থের বিনিময়ে তরুণ-তরুণীদের অবস্থান ও মেলামেশার সুযোগ দিত জাহাজ পরিচালনাকারীরা।
অভিযানের সময় চলাচলের বৈধ কাগজপত্র দেখাতে চাইলে সংশ্লিষ্টরা তা দেখাতে ব্যর্থ হন। প্রাথমিক তদন্তে দেখা যায়, জাহাজের চালকের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই এবং চলাচলের প্রয়োজনীয় সব কাগজের মেয়াদ আগেই শেষ হয়ে গেছে।
অভিযানের পর জাহাজ কর্তৃপক্ষকে দুটি নির্দেশ দেওয়া হয়। প্রথমত, বিআইডব্লিউটিএ অনুমোদিত বৈধ নথি ছাড়া জাহাজ চালানো যাবে না। দ্বিতীয়ত, নিকাহনামা বা প্রামাণ্য পরিচয় ছাড়া কোনো যুগলকে স্বামী-স্ত্রী পরিচয়ে কেবিন ব্যবহার করতে দেওয়া যাবে না।
আরএমপির নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিকাশ মন্ডল বলেন, “পর্যটনের নামে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বা নিয়মবহির্ভূত ব্যবসা চালাতে দেওয়া হবে না। বৈধ নথিপত্র দেখাতে না পারায় আপাতত জাহাজটির চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন ও সার্বিক তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বিআইডব্লিউটিএর সুলতানগঞ্জ বন্দর কর্মকর্তা দীনেশ শাহ জানান, চালকের লাইসেন্স না থাকা ও সব কাগজের মেয়াদ শেষ হওয়ায় আপাতত জাহাজ চলাচল স্থগিত রাখা হয়েছে। হালনাগাদ ছাড়পত্র ও প্রয়োজনীয় নথি বিআইডব্লিউটিএতে জমা দিয়ে অনুমতি পেলেই কেবল জাহাজটি আবার চালু করা যাবে।
এসব বিষয়ে জানতে ‘সোনার তরী’ জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।



















