নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর বাঘা উপজেলার কাকরামারি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি দূর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে Border Guard Bangladesh (বিজিবি)। পাচারকারীরা বস্তাবন্দি অবস্থায় মূর্তিটি ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে জানা গেছে।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সূত্রে জানানো হয়, সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান রোধে মহাপরিচালকের নির্দেশনায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ২৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস আভিযানিক দল বাঘা থানাধীন কাকরামারি এলাকার একটি আমবাগানে অ্যাম্বুশ নেয়।
দীর্ঘ সময় অবস্থান শেষে বিজিবি সদস্যরা দেখতে পান, চার থেকে পাঁচজন ব্যক্তি একটি বস্তা কাঁধে নিয়ে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করছে। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে পাচারকারীরা বস্তাটি ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।
পরে বস্তাটি তল্লাশি করে একটি মালিকবিহীন দূর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তিটি ব্যাটালিয়ন সদরে নেওয়া হয়েছে। ব্যাটালিয়ন সদর জানিয়েছে, জব্দকৃত মূর্তিটির সিজার মূল্য আনুমানিক ৩১ লাখ ৫০ হাজার টাকা।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।



















