নিজস্ব প্রতিবেদকঃ সাপ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কুসংস্কার দূরীকরণ এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে রাজশাহীতে ‘Snake Awareness and Rescue’ শীর্ষক একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ আগস্ট বিকেল ৫টায় রাজশাহী টিবাঁধ এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম রবি বলেন, “আজকের এই ‘Snake Awareness and Rescue’ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। এই উদ্যোগ প্রমাণ করে, সমাজ পরিবর্তনে শুধু রাজনীতি নয়—জনসচেতনতা, মানবিকতা এবং সামাজিক দায়বদ্ধতাও সমান গুরুত্বপূর্ণ।”
তিনি বলেন, সাপ নিয়ে অজ্ঞতা, কুসংস্কার ও আতঙ্কের কারণে প্রতিবছর যেমন মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তেমনি প্রকৃতির গুরুত্বপূর্ণ এই প্রাণীটিও অকারণে ধ্বংস হয়। জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সচেতন সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রফিকুল ইসলাম রবি আরও বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে তিনি বিশ্বাস করেন, রাজনীতি শুধু নির্বাচনকেন্দ্রিক নয়; মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জীবন রক্ষা করা এবং একটি সচেতন সমাজ গড়ে তোলাও রাজনীতির গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই জনস্বার্থে এ ধরনের উদ্যোগে তিনি ও তাঁর সংগঠন সবসময় পাশে থাকবে বলে জানান।
তিনি তরুণদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, সাপ দেখলেই আতঙ্কিত না হয়ে প্রশিক্ষিত উদ্ধারকর্মীদের খবর দিতে হবে এবং কুসংস্কারের পরিবর্তে বিজ্ঞানভিত্তিক জ্ঞান ও সচেতনতা গ্রহণ করতে হবে।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অকারণে সাপ হত্যা না করে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ উদ্ধার কার্যক্রম নিশ্চিত করা জরুরি।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সাপ সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রচার করেন এবং সাধারণ মানুষের মধ্যে সাপ সংক্রান্ত ভ্রান্ত ধারণা দূর করার আহ্বান জানান। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।


















