নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি ভিত্তিপ্রস্তর ফলক পুনঃস্থাপন করা হয়েছে। আজ শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে নগরীর সিটি হাট চত্বরে এসব ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বক্তব্য দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ। ফলক উন্মোচনের পর দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ সাঈদ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দীন আরজু, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইটসহ অন্যান্য প্রকৌশলী উপস্থিত ছিলেন।
এ সময় মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, শাহ মখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার, সদস্য সচিব নাসিম খান, বোয়ালিয়া পূর্ব থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, সদস্য সচিব আমিনুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওলিদ আবির এবং ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রকল্প ও ফলকের ইতিহাস: রাসিকের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর মেয়াদে নেওয়া তিনটি প্রকল্পের ফলক এগুলো।
প্রথম প্রকল্পটি ফায়ার ব্রিগেড ক্রসিং থেকে উত্তর নওদাপাড়ায় চাঁপাইনবাবগঞ্জ-নাটোর মহাসড়ক পর্যন্ত সড়ক নির্মাণ। ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পের ফলক ছিল ঘোষপাড়া মোড়, মেডিকেল বন্ধগেট মোড় ও সিটি হাট-উত্তর নওদাপাড়া মোড়ে।
দ্বিতীয়টি নগরীর জলাবদ্ধতা দূরীকরণে নর্দমা নির্মাণ প্রকল্প। একই দিনে গোরহাঙ্গা রেলগেট মোড়ে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী মোঃ সাইফুর রহমান। এই দুই প্রকল্পের উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন মেয়র মিনু।
তৃতীয়টি নগরীর মোড় প্রশস্তকরণ ও শহর সৌন্দর্যবর্ধন প্রকল্প। ২০০৪ সালের ১৫ অক্টোবর গোরহাঙ্গা রেলগেট মোড়ে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন মেয়র মিজানুর রহমান মিনু নিজে।
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই তিন প্রকল্পের পাঁচটি ফলক মুছে ফেলা হয়েছিল। দীর্ঘদিন পর সেগুলো পুনঃস্থাপনের মাধ্যমে প্রকল্পগুলোর ঐতিহাসিক স্মৃতি ফিরিয়ে আনা হলো।



















